কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা পর্যটক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে আগুনের খবর পাওয়া যায়। সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মোট তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।









