পদ্মা ও তিস্তা ব্যারেজের কাজ করা হবে : প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে একটি ব্যারেজ নির্মাণ করা হবে। সীমান্তের ওপারে ব্যারেজ তৈরি করে বিভিন্নভাবে পানি সরিয়ে নেওয়ায় খরা মৌসুমে দেশে পানির ঘাটতি দেখা দেয় বলে উল্লেখ করে তিনি জানান, এই ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য হলো বর্ষা কিংবা খরা—যে মৌসুমই হোক না কেন, দেশের মানুষ বিশেষ করে কৃষক যেন সঠিক সময়ে প্রয়োজনীয় পানি পায়।

বুধবার দুপুরে গাজীপুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। খাল খনন কর্মসূচি মানুষের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হওয়ায় যেকোনোভাবেই এটি এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কক্সবাজার সমুদ্রতটে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে, যেখানে ৩ শতাধিক গাছ কাটার পরিকল্পনার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিজাইন পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গাছগুলো রক্ষা পায়।

এর আগে প্রধানমন্ত্রী দুপুর ২টায় টঙ্গীর সাতাইশ এলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি তালগাছ রোপণ এবং একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *