রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয় বস্তিবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলা থেকে বাঁচতে পুলিশ সদস্যদের দৌড়ে পালানোর দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বুধবার দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বাউনিয়াবাঁধ এলাকার অবৈধ বস্তি উচ্ছেদে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা গেলে বস্তিবাসীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। স্থানীয়দের দাবি, সেখানে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস এবং কোনো ধরনের নোটিশ ছাড়া ঘর ভাঙার কাজ শুরু করে প্রশাসন, যা তাদের উত্তেজিত করে তোলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযানের এক পর্যায়ে বস্তিবাসীরা হঠাৎ ক্ষোভে ফেটে পড়ে পুলিশের দিকে তেড়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা প্রাণে বাঁচতে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন এবং তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় বস্তিবাসীদের।









