দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। গত ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় এবং ব্যতিক্রমী বলে মন্তব্য করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতার আয়োজন করে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন। এতে সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড। অনুষ্ঠানে মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









