কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খুরশেদ আলম চৌধুরী জানান, রাষ্ট্রপক্ষের ৫২ জন সাক্ষীর জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে বিচারকাজ সম্পন্ন হয়।
২০২৪ সালে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। আইএসপিআর জানায়, সেদিন রাত সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন একটি বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করলে তারা তাকে ছুরিকাঘাত করে। দ্রুত তাকে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যা ঘটনায় দায়ের করা দুটি মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।









