পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

মিরপুরের পর সিলেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের কীর্তি গড়ল টাইগাররা। ৪৩৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল তিন উইকেট।

পঞ্চম দিনে আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ব্যাট করতে নামেন। শুরুতেই রিজওয়ানকে আউট করার সুযোগ পেলেও নাহিদ রানার বলে স্লিপে ক্যাচটি হাতে জমাতে পারেননি মেহেদী হাসান মিরাজ। জীবন পেয়ে রিজওয়ান ও সাজিদ অষ্টম উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ জুটি, যা কিছুক্ষণ পাকিস্তানের আশা জিইয়ে রাখে।

তবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভেঙে দেন এবং নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। সাজিদ আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন। এরপর বাংলাদেশ দ্রুত বাকি উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচে ও সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *