প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে। পাশাপাশি পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। এ্যানি বলেন, বিষয়টি একনেক সভায় উপস্থাপন করা হবে এবং বাংলাদেশের জন্য পদ্মা ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে।









