সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার (১১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্য সমন্বয় করে হেল্প ডেস্ক এ প্রতিবেদন প্রকাশ করে।

হেল্প ডেস্কের দেওয়া তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এসব যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৮ হাজার ২৬৩ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি৩০০১ নম্বর প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর হজ পালন করবেন সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *