লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘদিন সেখানেই অবস্থানের পর দেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তিনি পুলিশের হাতে ধরা পড়েন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক আচরণ চোখে পড়ায় তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। তার কাছ থেকে একটি ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে এবং দুর্নীতি দমন কমিশনের একটি মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাব্বির বিন শামস ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’-এর নির্বাহী পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ-এ পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত।









