সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আট শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। রোববার (৩ মে) সকাল ৭টার দিকে সিলেট–ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলমগীর (৩২), সিলেট নগরের তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার রামিন (৪০) ও আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশার রাজু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জের হাফিজা বেগম (৩০) এবং দিরাইয়ের রাজা মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সকাল ৬টা ২৫ মিনিটের দিকে শ্রমিকবাহী পিকআপটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ৭টায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় আটজন।

আহত সাত শ্রমিককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সংঘর্ষে আটজনের প্রাণহানি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *