সংসদে ভূমিকা রাখতে দলীয় নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপির নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সভায় তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় নারী সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে তুলতে তথ্যসমৃদ্ধ হওয়া এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। তিনি ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারেক রহমান বলেন, দীর্ঘ সময় জনগণ যে মানসিক যন্ত্রণার ভেতর ছিল, এখন তারা আবার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে।

সভায় নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বিএনপি দলীয় মোট ৩৬ জন নারী সংসদ সদস্য সভায় উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ১৭ জন বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। সূত্র: বাসস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *