সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ষ্টাফ রিপোর্টার

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন এবং সুরাইয়া জেরিন।

এ ছাড়া মনোনয়ন পেয়েছেন মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

রবিবার রাতে জাতীয় সংসদে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতারা এক বৈঠকে এসব নাম চূড়ান্ত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্যাগ, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নারী নেত্রীদের মধ্য থেকে এ তালিকা তৈরি করা হয়েছে। এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তারা আন্দোলনে নিজেদের ভূমিকা, ত্যাগের ইতিহাস এবং মনোনয়ন পাওয়া–না–পাওয়ার পর করণীয় তুলে ধরেন। সবাই দলীয় সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতিও দেন। মনোনীত নারীরা দলকে শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি। আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *