নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। এরপর ২১ জুলাই ফতুল্লায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার ঘটনাও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার পৃথক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী হাছান মাহমুদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।









