যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমতির ওপর নির্ভর করবে।
ইরানের অভিযোগের বিপরীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যক্রম এখনও বলবৎ রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১০ হাজারের বেশি নৌসেনা, মেরিন ও বিমানবাহিনীর সদস্য এই অবরোধ বাস্তবায়নে নিয়োজিত আছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধের অংশ হিসেবে একটি মার্কিন যুদ্ধজাহাজ একটি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে নির্দেশ দিয়েছে এবং এখন পর্যন্ত অন্তত ১৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে ফিরে গেছে।
এদিকে, ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ। একই সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ড জানিয়েছে, বেসামরিক জাহাজগুলো ইরানের নির্ধারিত পথ দিয়েই চলাচল করতে পারবে, তবে সামরিক জাহাজের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।









