ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মধ্যরাতে নিজ ঘরে নাছিমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার সাত বছর বয়সী শিশু ছেলে আবিরও গুরুতর আহত হয়েছে। নিহত নাছিমা বেগম প্রবাসী আল আমিনের স্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে কর্মরত।

স্থানীয়রা জানান, স্বামী বিদেশে থাকায় নাছিমা বেগম ছেলে আবিরকে নিয়ে নির্মাণাধীন বাড়িটিতে থাকতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নাছিমা ও তার শিশুসন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয়। শনিবার সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে নাছিমার রক্তাক্ত মরদেহ এবং পাশে আহত আবিরকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *