বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তার ইতিবাচক প্রভাব পড়েনি বিশ্ববাজারে। বরং অনিশ্চয়তার কারণে তেলের দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকবে।

যুদ্ধবিরতির ঘোষণা এলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরেনি। এর প্রভাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় ২৯৩ পয়েন্ট হারিয়েছে এবং প্রযুক্তিভিত্তিক নাসডাক কম্পোজিট সূচকও একই হারে নেমে গেছে।

অন্যদিকে তেলের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। দিনের শুরুতে দাম কিছুটা কম থাকলেও পরে তা বাড়তে থাকে। ব্রেন্ট ক্রুড তেলের দাম শেষ পর্যন্ত প্রতি ব্যারেল প্রায় ৯৮ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশের বেশি বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। অবরোধ, আঞ্চলিক উত্তেজনা এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণেই তেলের দাম বৃদ্ধি এবং শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *