বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি থাকা অবস্থায় ৫৫ জন খেলোয়াড়ের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। লিওনেল মেসিকে কেন্দ্র করে সাজানো এই বিস্তৃত তালিকা থেকেই শেষ পর্যন্ত ২৬ জনের চূড়ান্ত দল বেছে নেবেন কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক তালিকায় ঘরোয়া লিগের আধিপত্য লক্ষণীয়—রিভার প্লেটের ছয়জন এবং বোকা জুনিয়র্সের চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। এছাড়া রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস ও গোলরক্ষক ফাকুন্দো কামবেসেসসহ আর্জেন্টিনার ঘরোয়া লিগের আরও কয়েকজন মুখ স্কোয়াডে যুক্ত হয়েছে।

এই তালিকায় রয়েছে বেশ কিছু নতুন নাম, যাদের কেউই স্কালোনির অধীনে আগে খেলেননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য জার্মানির হামবুর্গ এসভির নিকোলাস কাপালদো, গেতাফের জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো। তরুণদের মধ্যে চেলসির আলেহান্দ্রো গারনাচো ও রোমায় দুর্দান্ত ফর্মে থাকা মাতিয়াস সুলে জায়গা পেয়েছেন। জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও স্কোয়াডে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফার বাড়তি নিষেধাজ্ঞা তার ওপর বহাল রয়েছে।

খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের দায়িত্ব শেষ করে এজিজায় এএফএ ক্যাম্পে যোগ দেবেন। জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে যাবে, যেখানে হবে তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প। মূল টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের আনুষ্ঠানিক যাত্রা।

প্রকাশিত প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসোসহ ছয়জন। রক্ষণভাগে রয়েছেন নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ানো রোমেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকোসহ অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। মধ্যমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর মতো নিয়মিতদের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন তরুণ। আর আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো ও মাতিয়াস সুলের মতো তারকারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *