জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়ার পাশাপাশি এবার লঞ্চভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বের রুটে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ১৮ পয়সা এবং দীর্ঘ দূরত্বে ১৪ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হওয়ার পর থেকেই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তোলে পরিবহন মালিক ও শ্রমিকরা।
পরে ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। একই দিন নতুন বাসভাড়ার প্রজ্ঞাপন জারি করা হয় এবং তা কার্যকর হয়।









