বাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মুসফিকুর রহমান মাহি (১৯), মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) এবং নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ জানায়, আবুল খায়েরের বসতভিটায় অবৈধভাবে পেট্রোল মজুতের খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং ওই তিনজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত তেল ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সুধারাম মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *