বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের ঘোষণা। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর এবং সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করার মতো সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার ‘ডাবল ইঞ্জিন’ মডেলে দল–মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে। সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবে বিএসএফের জন্য জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে।

শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে, তাই সীমান্তে নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারতের আওতায় আনা হয়েছে, এবং সোমবার থেকেই এই প্রকল্পে নাগরিকদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, আগের সরকার কার্যকর না করলেও এখন থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস আনুষ্ঠানিকভাবে প্রয়োগ হবে। সরকারি চাকরিতে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে রাজ্যের আইএএস ও আইপিএস কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগও পুনরায় চালু হয়েছে।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পূর্ববর্তী সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলো অব্যাহত থাকবে। তবে অবৈধ বা মৃত ব্যক্তির নামে সুবিধা গ্রহণের সুযোগ কঠোরভাবে বন্ধ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *