বরিশাল নগরীতে এক দিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় অভিভাবক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজরা হলো এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস। মুনিয়ার বাড়ি নগরীর সাগরদী এলাকায় এবং সৌরভের বাড়ি ভাটিখানায়।
শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার পর তাদের অভিভাবকরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানিয়েছেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা যায়, ১ মে সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। পরদিন ২ মে ভাটিখানায় নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সৌরভ। রাত ৯টার দিকে ভাটিখানা মন্দিরের সামনে যাওয়ার পর তার খোঁজ মিলছে না বলে জানিয়েছেন তার বাবা সজল দাস। তিনি বলেন, বহু জায়গায় খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাওয়া যায়নি, তাই থানায় সাধারণ ডায়েরি করতে হয়েছে, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।
অন্যদিকে মুনিয়ার মা জানান, শুক্রবার সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় মুনিয়া। স্থানীয় একটি স্কুল মাঠে পৌঁছানোর পর সে নিখোঁজ হয়। পরে শিক্ষক মামুনের বাসা থেকে তার স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। লিখিত অভিযোগ দেওয়ার পরও মুনিয়ার কোনো খোঁজ মেলেনি।
টানা দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর পাশাপাশি নগরবাসীর মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত তাদের সন্ধান ও ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর উদ্যোগের দাবি জানানো হচ্ছে। এদিকে নিখোঁজ সৌরভকে খুঁজতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছে এবং সবার সহযোগিতা চেয়েছে। উপপুলিশ কমিশনার ইমদাদ হুসাইন জানিয়েছেন, একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুত অগ্রগতি আশা করছেন।









