ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো সমঝোতার পথ দীর্ঘ। তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং দেশটি যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু করতে পারে। শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ সতর্কতা দেন।
গালিবাফ জানান, আলোচনায় অগ্রগতি থাকলেও কয়েকটি মৌলিক বিষয়ে এখনো সমাধান হয়নি। তিনি দাবি করেন, যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে নেওয়ায় তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হবে। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারী স্থায়ী চুক্তির চেষ্টা চালালেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি এখনো অনিশ্চিত।
জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, রণক্ষেত্রে ইরান সফল হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তার ভাষ্যমতে, কৌশলগত হরমুজ প্রণালিও এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। ইরান নিজে প্রণালি ব্যবহার করতে না পারলে অন্যদেরও ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করে না এবং ধরে নিচ্ছে যে যেকোনো সময়ে তারা পুনরায় যুদ্ধ শুরু করতে পারে। তাই সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করার সিদ্ধান্তকে তিনি ‘অজ্ঞতা’ ও ‘বোকামি’ হিসেবে মন্তব্য করেন।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গালিবাফ ও ইরানি প্রতিনিধিদলের রুদ্ধদ্বার বৈঠক হয়—১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যদিও সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা চলছে, তবে পরবর্তী বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।









