বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। তিনি জানান, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় এ কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।
তারেক রহমান জানান, অতীতের স্বৈরাচার শাসনামলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাচার হয়েছিল। সেই অর্থ ফিরিয়ে এনে কৃষকসহ সাধারণ মানুষের মাঝে সুবিধা পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নারী ও পুরুষ উভয়কে সমানভাবে সুযোগ ও সহযোগিতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।









