পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছে বিজেপি, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আর. এন. রবি তাকে শপথ করান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কয়েক দিন আগে ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটায়।
একসময় তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শুভেন্দু অধিকারী। মমতার রাজনৈতিক উত্থানের সময়ে তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। কিন্তু সময়ের পরিবর্তনে আজ তিনি সেই একই পদে বসলেন, যেখানে একসময় তার সহযোদ্ধা মমতা ছিলেন।
নতুন মন্ত্রিসভার শপথেও ছিলেন বেশ কয়েকজন পরিচিত নাম। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। সবাই একই অনুষ্ঠানে শপথ নেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।









