রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানি এড়াতে ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার রাজমনিপাড়া ও কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ প্রায় ১১ জন নৌকাযোগে চলাচল করছিলেন। পথে যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল দ্রুত সেখানে পৌঁছে অন্ধকারেই পানিতে নেমে উদ্ধার কাজ শুরু করে। তাদের তৎপরতায় সবাইকে নিরাপদে তীরে তোলা সম্ভব হয়।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে এক গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়লে সেনাসদস্যরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠায়। অন্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দ্রুত উদ্ধার অভিযানের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।








