দেশে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি পাঁচ জেলায় বন্যা দেখা দেওয়ার সম্ভাবনাও সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, নেত্রকোনা জেলার ভুগাই–কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে। মৌলভীবাজারের মনু নদীর পানিও প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপরে বইছে।
সংস্থাটি জানায়, এসব নদীর পানি বাড়তে থাকলে আশপাশের নিম্নাঞ্চল আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে এবং নতুন এলাকায় হঠাৎ প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে।









