টানা দুই দফা বাড়ার পর অবশেষে কমেছে দেশের স্বর্ণের বাজারদর। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (১৫ মে) সকালে সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে ৭ মে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় করেছিল বাজুস। তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়, ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি অব্যাহত রয়েছে।









