দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

ষ্টাফ রিপোর্টার

দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হয়েছে, যার ফলে বুধবার ক্রেতারা স্বর্ণ ও রুপা কিনতে পারবেন সংশোধিত এই দামে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাব এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে সর্বশেষ এই সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও উল্লেখযোগ্য হ্রাস এসেছে। ২২ ক্যারেট রুপার এক ভরির মূল্য ২৩৩ টাকা কমে হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারিত হয়েছে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতনী রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

এর আগে ২৩ এপ্রিলও স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছিল। দুই দফায় মিলিয়ে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা এবং রুপার দাম কমেছে ৫৮৪ টাকা। বাজুস বলছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে; তবে ডিজাইন, কারিগরি মান ও দোকানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৭ বার এবং রুপার দাম ৩৬ বার সমন্বয় করেছে বাজুস। গত বছরের তুলনায় এ বছর বাজারে দামের ওঠানামা আরও বেশি লক্ষ করা যাচ্ছে। তেজাবি স্বর্ণ ও রুপার সরবরাহ বৃদ্ধি এবং বৈশ্বিক বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণেই নিয়মিত এই সমন্বয় করা হচ্ছে বলে সংগঠনটি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *