দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

ষ্টাফ রিপোর্টার

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগের দিন শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল।

এদিকে আরও পাঁচ মামলায় আইভীর জামিন বিষয়ে রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আবারও তাকে জামিন দেন। মামলাগুলোর মধ্যে চারটি ফতুল্লা থানার— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। অপরটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলা।

হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন জানালে আপিল বিভাগের চেম্বার আদালত গত ৫ মার্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠায়। এর মধ্যেই আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *