দিনাজপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছেলেের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম দুলুর দুই সংসার থেকে চার ছেলে রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। জীবিত অবস্থায় দুলু প্রথম পক্ষের ছেলেদের নামে কিছু জমি লিখে দেন। পরে ওই জমিতে ভাগ দাবি করে দ্বিতীয় পক্ষের সন্তানরা, যা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দুলু, হাবিল ও কাবিল ভুট্টাখেতে কাজ করছিলেন। তখন দ্বিতীয় পক্ষের দুই ছেলে সেখানে গিয়ে জমির বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম দুলুর মৃত্যু হয়। গুরুতর আহত কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। থানার ওসি মাহমুদুন নবী জানান, খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। তিনি আরও জানান, অভিযুক্তরা এখনও পলাতক এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *