থানায় ঢুকে ডাকসু নেতা মুসাদ্দিকের ওপর হামলা, শাহবাগে উত্তেজনা

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ ওঠে। সংঘর্ষের সময় ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।

বিকেল থেকে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একপর্যায়ে হামলার মুখে পড়ে মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানার ভেতরে ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও অবস্থান করছিলেন।

ঘটনার পর থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভে নামলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *