তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। ঘটনার দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক রিমান্ডের এ আদেশ দেন। পিবিআই তাকে আদালতে পেশ করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।

এর আগে তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন। গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। সন্দেহভাজনরা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্র জানায়, মামলাটিতে এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা পর্যায়ক্রমে তদন্ত পরিচালনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *