যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে গুলির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দিবাগত রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি হোটেলের একটি স্ক্রিনিং এলাকায় ঘটে এবং সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম কোল টোমাস অ্যালেন, যার বাড়ি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরে। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে সহিংসতা এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনার প্রস্তুতি চলছে।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান জেফরি ডব্লিউ ক্যারল জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একাই হামলার চেষ্টা করেছিলেন এবং বর্তমানে জনসাধারণের জন্য বড় কোনো হুমকি নেই।
এ ঘটনায় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি এবং তিনি আহত হননি।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, একজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করার চেষ্টা করেছিলেন এবং দ্রুত তাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি হামলাকারীকে মানসিকভাবে অসুস্থ ও সন্ত্রাসী মনোভাবাপন্ন বলে মন্তব্য করেন। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন।
এই ঘটনায় ট্রাম্প, ফার্স্ট লেডি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে রয়েছেন। এফবিআই জানিয়েছে, হামলার উদ্দেশ্য এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জনগণের কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশেও গুলির ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। সর্বশেষ ঘটনার পর নিরাপত্তা আরও জোরদারের কথা জানানো হয়েছে এবং স্থগিত হওয়া অনুষ্ঠানটি পরবর্তীতে পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।









