টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান।

নিহত সুপারভাইজার আতিকুল ইসলাম গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মাহমুদের ছেলে। অপর নিহত মজনু মিয়া একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং তিনি বাসটির হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গোপালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুপারভাইজার ও হেলপারের মৃত্যু হয়। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় এক যুবকও মাথায় আঘাত পেয়ে আহত হন এবং তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ওসি মোকছেদুর রহমান জানান, সংঘর্ষের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *