চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামে বেশি পরিচিত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছান। গত ৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সুস্থতার খবর জানিয়ে সোহেল রানা লিখেছেন, আল্লাহর রহমতে তিনি মোটামুটি সুস্থ আছেন এবং তার জন্য দোয়া করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই অভিনেতার চলচ্চিত্রযাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে তিনি চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হন, যার পরিচালনা করেছিলেন চাষী নজরুল ইসলাম। এরপর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ‘সোহেল রানা’ নামেই দর্শকের কাছে পরিচিতি লাভ করেন, যা পরবর্তীতে তার স্থায়ী পরিচয় হয়ে ওঠে।








