চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হবে। স্থানীয় সরকারমন্ত্রীর বরাতে তিনি জানান, চলতি বছরের শেষ দিকেই এ নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে এবং সব মিলিয়ে নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক বেশি, তাই নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং স্বাভাবিকভাবেই এটি সময়সাপেক্ষ। সরকার স্থানীয় নির্বাচন আয়োজন করবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।

নির্বাচনের সময় নিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগবে, তবে বছরের শেষ দিকে নির্বাচন শুরু হবে। একই সঙ্গে উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

এ সময় ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা সাংবাদিক কারাগারে আছেন, তাদের অপরাধের গুরুতর দিক উল্লেখ করে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো যেন কোনো সাংবাদিক অন্যায়ভাবে কারাগারে না থাকেন।

হামের টিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। তিনি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশু টিকার আওতায় আসবে। হামে আক্রান্ত হয়ে ৩০০ শিশুর মৃত্যু হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে হামের টিকা নিয়ে কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *