কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ছিনতাইয়ের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে একটি সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। একটি গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শক বাসে যাত্রীদের কাছ থেকে বারবার ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ করার পর এ অভিযান শুরু হয়।
অভিযোগের পর নিরাপত্তা বাহিনী নজরদারি জোরদার করে এবং যাচাই-বাছাই শুরু করে। বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটক তিনজনকে জব্দ করা অর্থসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদের যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য জরুরি নম্বর ১১২–এ জানানোর আহ্বান জানানো হয়েছে। সূত্র: আরব টাইমস।









