dr yunis

এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ষ্টাফ রিপোর্টার

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। রোববার এ রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার ২১ মে দিন নির্ধারণ করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ উপস্থিত ছিলেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে আইনজীবী এম কে রহমান জানান, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতি ও স্বাস্থ্যসহ দেশের বিভিন্ন খাতে অরাজকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়েছে এবং কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের মতো পরিস্থিতি তৈরি না হয়।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, তারা সামগ্রিকভাবে যা ঘটেছে তার তদন্ত চান, আর সেই তদন্তের পদ্ধতি সরকারই নির্ধারণ করবে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তিনি বিষয়টি জেনে আদালতে উপস্থাপন করবেন এবং সে অনুযায়ী সরকারের নির্দেশনাও আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *