মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপের সম্ভাবনার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চালক ও মালিকরা। রোববার তারা এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সম্ভাব্য কর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল নয়; এটি সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার প্রধান অবলম্বন। এ খাতে কর আরোপ করা হলে লাখো মানুষের জীবিকা ব্যাহত হবে বলে দাবি করেন তারা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের গুঞ্জনকে কেন্দ্র করেই এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মোটরসাইকেল ব্যবহারকারীরা প্রস্তাবিত বাজেটে এআইটি আরোপ না করার দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলে বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসিতে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব থাকায় ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।









