কিশোর-কিশোরীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কী ধরনের কথোপকথন করছে, তা জানার সুযোগ দিতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে নতুন নজরদারি ফিচার চালু করেছে Meta Platforms। প্রতিষ্ঠানটির Facebook, Instagram এবং Messenger-এ যুক্ত করা হয়েছে ‘ইনসাইটস’ নামে একটি বিশেষ ট্যাব, যার মাধ্যমে অভিভাবকেরা গত সাত দিনে তাদের সন্তানদের এআই-সম্পর্কিত আগ্রহ ও ব্যবহারের ধরন সম্পর্কে ধারণা পাবেন।
এই ফিচারের মাধ্যমে স্কুল, বিনোদন, লাইফস্টাইল, ভ্রমণ এবং স্বাস্থ্য ও সুস্থতা—এ ধরনের বিভিন্ন বিভাগে কিশোরদের অনুসন্ধানের প্রবণতা জানা যাবে। কোনো প্রশ্নের সরাসরি উত্তর না পেলেও সেই অনুসন্ধানের বিষয়বস্তু অভিভাবকেরা দেখতে পারবেন। প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ে ক্লিক করে সীমিত পরিসরে অতিরিক্ত তথ্যও দেখা যাবে।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ন রেখেই এই তথ্য প্রদর্শন করা হবে এবং ডেটা কেবল সর্বশেষ সাত দিনের কথোপকথনের ওপর ভিত্তি করে দেখানো হবে। স্বাস্থ্য ও সুস্থতা বিভাগে শারীরিক ফিটনেস, অসুস্থতা কিংবা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে, যা অভিভাবকদের সন্তানের অনলাইন আচরণ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেবে।
শিশু ও কিশোরদের নিরাপত্তা ইস্যুতে বাড়তে থাকা চাপের মধ্যে এই উদ্যোগ নিয়েছে মেটা। সম্প্রতি শিশু সুরক্ষা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ মামলায় প্রতিষ্ঠানটি হেরে যাওয়ার পর তাদের পণ্যের নিরাপত্তা ও আসক্তিমূলক নকশা নিয়ে সমালোচনা বাড়ে। তবে এসব রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তারা।
অভিভাবকদের জন্য আরও সহায়ক করতে সাইবারবুলিং রিসার্চ সেন্টারের সহযোগিতায় কিছু ‘কনভারসেশন স্টার্টার’ তৈরি করেছে মেটা, যা ফ্যামিলি সেন্টার ওয়েবসাইট ও ইনসাইটস ট্যাব থেকে পাওয়া যাবে। পাশাপাশি কিশোরদের এআই ব্যবহারে নিরাপদ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে একটি ‘এআই ওয়েলবিং এক্সপার্ট কাউন্সিল’ গঠন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কাউন্সিল মেটার এআই নীতিমালা ও পণ্য উন্নয়নে পরামর্শ দেবে। নতুন ইনসাইটস ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে সব অভিভাবকের জন্য উন্মুক্ত করা হচ্ছে।








