ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি : নির্বাহী আদেশে ২৫ মে অফিস বন্ধ

ষ্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস কার্যত বন্ধ থাকবে।

বিশেষ করে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণার খবরে চাকরিজীবীদের মধ্যে বাড়তি আনন্দ ছড়িয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে আরও দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় রাজধানী ছাড়ার প্রস্তুতিও শুরু করেছেন অনেকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ছুটির সমন্বয়ের কারণে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে। তবে জরুরি পরিষেবা—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট—এই ছুটির বাইরে থাকবে এবং স্বাভাবিকভাবেই পরিচালিত হবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনকেও ছুটির আওতায় রাখা হয়নি।

ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালত পরিচালনা বিষয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। বেসরকারি শিল্প-কারখানার ছুটি সম্পর্কে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘ ছুটিকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *