donald trump

ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা কম : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই কম। তার মতে, গত কয়েক দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি। শাফাক নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে।

রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আবারও ইরানকে সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান কোনো ধরনের ‘অসদাচরণ’ করলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত।

ইরান সম্প্রতি ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যেতে তেহরান পরবর্তী সময়ের জন্য ইঙ্গিত দিয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে, যা যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন নৌ-অবরোধের কারণে বর্তমানে বাধাগ্রস্ত। এর প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায়।

এদিকে, ইরান হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর লক্ষ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে। এতে ইসরায়েলি জাহাজ চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ‘শত্রু’ বিবেচিত দেশগুলোর জাহাজের ওপর বিশেষ সীমাবদ্ধতার প্রস্তাব রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *