মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফর নিয়ে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের কোনো চুক্তি যদি ইসলামাবাদে স্বাক্ষরিত হয়, তবে তিনিও সে দেশে যেতে পারেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইতোমধ্যেই প্রায় সব শর্তে সম্মত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব, যদিও সেটির প্রয়োজন না-ও হতে পারে। তার ভাষায়, যদি ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, তিনি সফরে যেতে পারেন এবং পাকিস্তান তাকে চায় বলেও মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, ইরান গত বছর যুক্তরাষ্ট্র–ইসরায়েলি বিমান হামলার পর লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবিতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে।
তিনি বলেন, পরিস্থিতির অগ্রগতি শিগগিরই স্পষ্ট হবে এবং তার মতে, ইরানের সঙ্গে একটি চুক্তি এখন খুব কাছাকাছি। পরে নেভাদার লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি আরও ইঙ্গিত দেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এবং তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চাপ তৈরি করেছে।
ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন এবং আলোচনাকে আরও অর্থবহ করতে তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরান লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার অংশ এবং পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান।








