সরকার পাঁচ লাখ নতুন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থায় শূন্য পদে ২৮৭৯ জনকে নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত উত্তরে এসব তথ্য তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে কেন্দ্রীয় পর্যায়ের কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা এবং বাংলাদেশে পেপালের সেবা চালুর বিষয়ে উদ্যোগ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে, যা নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে তা প্রদান করা হয়েছে।
ভিসা–সংক্রান্ত উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বিশেষ করে জাপানে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীরা ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এই ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।









