সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন আনল নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্য পরিবর্তন করে নতুন একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংশোধিত প্রজ্ঞাপনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদের প্রতিটি আসনে একজন সদস্য নির্বাচন করার লক্ষ্যে ঘোষিত সময়সূচি সংশোধন করা হয়েছে।

গেজেটের সংশোধিত অংশে উল্লেখ করা হয়—

  • ১৩৩০৫ পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে থাকা সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্ন বাতিল হবে।
  • মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ সংশোধন করে ‘২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার’ এর পরিবর্তে ‘২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার’ করা হয়েছে।
  • গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সীমা পরিবর্তন করে ‘২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার’ এর পরিবর্তে ‘২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার’ প্রতিস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত তফসিল থেকে এই সংশোধনটি আংশিক পরিবর্তন এনে কার্যক্রমে সময়সীমা আরও স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *