রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর থেকে নেমে তিনি সড়কপথে শহরের উদ্দেশে রওনা দেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর দেড়টায় হযরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করেন তিনি। বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সমাবেশে রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।
এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এরপর তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ায় পৌঁছাবেন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে সমাবেশে ভাষণ দেবেন। দিনশেষে রাত সাড়ে ৮টায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।
এর আগে সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে ভিড় করতে থাকেন। মানুষের ঢলে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের মিছিলে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। প্রার্থী বহর মাঠে প্রবেশ করলে উৎসাহ–উচ্ছ্বাস আরও বাড়ে। বিপুল মানুষের চাপে আশপাশের সড়কে যান চলাচলও সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, দেয়াল ও উঁচু স্থাপনায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রবেশপথে ডগ স্কোয়াডের তল্লাশি চলছে এবং আকাশ থেকে ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে।








