রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোলবোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকার পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, সিপিএসসির একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দুর্বৃত্তরা নাশকতার পরিকল্পনা করেছিল।
তিনি আরও বলেন, উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেলগুলো মোহাম্মদপুর, তিনরাস্তাসহ আশপাশের এলাকায় সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধারকৃত বোমা ও ককটেল ধ্বংসের জন্য র্যাব সদর দপ্তরের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। বর্তমানে সেগুলো নিরাপদে ধ্বংসের প্রক্রিয়া চলছে।
র্যাব কর্মকর্তা জানান, লকডাউনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য রাজধানীজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।









