ভোলায় মাদরাসা শিক্ষককে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

ভোলায় নিজ বসতঘরে ঢুকে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমিনুল হক নোমানী (৪০)। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নোমানী ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকার এনামুল হকের ছেলে। তিনি ভোলা আলিয়া মাদরাসার মুহাদ্দিস এবং সদর উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার আমিনুল হক নোমানীর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার রাতে তিনি একাই ঘরে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তার ঘর থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *