ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মার্কিন সামরিক অভিযানের এ ঘটনা সমগ্র অঞ্চলের ওপর উদ্বেগজনক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা একটি ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সকল পক্ষকে পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানান গুতেরেস। তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলায় এই অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি—এ বিষয়টি তাকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে।
মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যেতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এর আগে, বিশেষ সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। শনিবার দম্পতিকে বহনকারী বিমানটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে।
সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে এবং পরে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে স্থানান্তর করা হয়।
মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে, যদিও তারা এসব অভিযোগ আগে থেকেই দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।









