জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

সাভার প্রতিনিধি

জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে বিএনপির পক্ষ থেকে যথাযথ নিয়ম মেনে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এর আগে রাত ১০টা ৪ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *